চট্টগ্রাম বিমানবন্দরে বিমানের ফেলে রাখা চাকায়ও মিলল সোনার বার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
এর আগে বিভিন্ন সময় বিমানযাত্রী বা বিমানে পরিত্যক্ত অবস্থায় সোনা পাওয়া গেলেও মঙ্গলবার তা মিলেছে ভিন্ন একটি স্থান থেকে।
বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে থাকা একটি চাকা থেকে এই ৪৬টি সোনার বার উদ্ধার হয় বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক বশির আহমেদ বলেছেন, তারা ‘সুস্পষ্ট’ তথ্য পেয়ে এই অভিযান চালিয়েছিলেন।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এই সোনা উদ্ধারের অভিযানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইর সদস্যরাও ছিলেন।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরের জিএসই (গ্রাউন্ড সার্ভিস ইক্যুইপমেন্ট) এলাকায় পড়ে থাকা বিমানের চাকা থেকে এসব সোনার বার গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়।”
উদ্ধার করা বারের আনুমানিক ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুস্পষ্ট তথ্য নিয়ে ওই ওয়ার্কশপে পড়ে থাকা অনেগুলো চাকা আমরা পরীক্ষা করি। এক পর্যায়ে একটি চাকার ভেতরে দুটি বান্ডিল উদ্ধার করি। ওই বান্ডিল দুটি থেকে আমরা ৪৬টি স্বর্ণের বার খুঁজে পাই। তবে কোনো আসামি পাইনি।”
এনিয়ে একটি চোরাচালান মামলা করা হবে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট পুলিশের তদন্ত কর্মকর্তা তদন্ত করে এসব স্বর্ণের বারের মালিক বা এরসঙ্গে সংশ্লিষ্ট কাউকে খুঁজে বের করতে পারলে আসামি করা হবে।
উদ্ধার সোনা চট্টগ্রামের শুল্ক গুদামে জমা রাখা হচ্ছে বলে জানান বশির।
