সাবেক কাউন্সিলর মানিকের বিরুদ্ধে দুদকের মামলা
পাহাড় ও স্কুলের জায়গা দখল করে ঘর, দোকান নির্মাণ এবং মসজিদের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামি ওয়ার্ড কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ মানিক ওরফে এ এফ কবির মানিক চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডে তিন বার কাউন্সিলর ছিলেন। গত জানুয়ারি মাসে চসিক নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।
দুদক- সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফর কবির চন্দন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিকের বিরুদ্ধে সরকারি পাহাড় ও জায়গা দখল করে বাড়ি নির্মাণ, পুকুর খনন ও ভাড়া দেয়া এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে অবৈধ চুক্তি করে সরকারি জায়গার দখল হস্তান্তরের অভিযোগে দুটি মামলা হয়েছে।
আর লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে সিডিএ’র অনুমোদন না নিয়ে দোকান নির্মাণ ও ভাড়ার টাকা আত্মসাৎ এবং লালখান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দোকান বরাদ্দের নামে টাকা আত্মসাতের অভিযোগে অন্য দুটি মামলা করা হয়েছে।
দুটি মামলায় শুধু কাউন্সিলর মানিক আসামি। বাকি দুটি মামলার একটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগো ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী এবং মসজিদের দোকান বরাদ্দের টাকা আত্মসাতের মামলায় মসজিদ কমিটির সভাপতি কাজী মাহমুদ ইমাম বিলু ও সাধারণ সম্পাদক এএন ফারুক আহমদকে আসামি করা হয়েছে বলে জানান দুদক উপ-পরিচালক চন্দন।
দুদকের সহকারী পরিচালক মো. আবু সাঈদ বাদী হয়ে সোমবার মামলাগুলো করেন।
চারটি মামলার একটিতে লালখান বাজার মতিঝর্ণা এলাকায় সরকারি পাহাড় দখল করে বাড়ি ঘর নির্মাণ, পুকুর খনন ও ভাড়া দিয়ে ৪৫ লাখ ৩৬ হাজার টাকার আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে সাবেক কাউন্সিলর মানিকের বিরুদ্ধে।
আর একটি মামলায় জাগো ফাউন্ডেশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সাথে ‘অবৈধ চুক্তির’ মাধ্যমে সরকারি জায়গায় দখল হস্তান্তর করে ২৮ লাখ ১১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া অপর দুইটি মামলার একটিতে লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে সিডিএ’র অনুমোদন ছাড়া দোকান নির্মাণ এবং ভাড়ার ২৯ লাখ ৪০ হাজার টাকা স্কুল তহবিলে জমা না দিয়ে মানিক নিজে আত্মসাৎ করেছিলেন বলে অভিযোগ আনা হয়।
আর অপর মামলায় অভিযোগ করা হয়, মসজিদের দোকান বরাদ্দ দেয়ার কথা বলে বরাদ্দ প্রত্যাশীদের কাছ থেকে মসজিদ কমিটির সভাপতি ও সম্পাদক এবং মানিক ৪৫ লাখ টাকা আত্মসাত করেছেন।
