কোভিড: চট্টগ্রাম জেলায় ৬১১ নতুন রোগী শনাক্ত, মৃত্যু ৪
চট্টগ্রাম জেলায় একদিনে আরও ৬১১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে চারজনের।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে জেলার ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬১১ জনের করোনাভাইরাস ‘পজিটিভ’ পাওয়া যায়।
নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। নতুন রোগীদের মধ্যে ৪৬৫ জন চট্টগ্রাম মহানগরী এলাকার এবং ১৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এর মধ্যে সীতাকুণ্ড উপজেলায় ৩২ জন এবং মিরসরাইয়ে ২৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। মারা যাওয়া চারজনের সবাই বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।
আগের দিন মঙ্গলবারে চট্টগ্রাম জেলায় এক দিনের রেকর্ড ৬৬২ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ৯ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ০২ শতাংশ।
সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ২০০ জনে। তাদের মধ্যে মোট ৭৩৫ জনের মৃত্যু হয়েছে।
