‘ভেতরে-বাইরে ষড়যন্ত্র হচ্ছে’
একাত্তরের পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তাদের প্রতিহত করার শক্তি আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেছেন নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
বুধবার বিকালে আন্দরকিল্লা মোড়ে নগর আওয়ামী লীগের উদ্যোগে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “৭১ এ যারা গণহত্যা ও নারী ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল তারা এ স্বাধীন বাংলাদেশে আবার আঘাত হানতে চায়। তবে মুক্তিযুদ্ধের বিজয়ের মাস এ ডিসেম্বরে ওই পরাজিত শক্তিকে পরাহত করার হিম্মত আমাদের আছে।
“এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানুষকে সচেতন করা। এ সচেতনতাই হচ্ছে স্বাধীনতা ও গণতন্ত্রকে রক্ষা করার কবচ। দেখতে পাচ্ছি দলের ভিতরে ও বাইরে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেই সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, “আওয়ামী লীগ প্রতিঘাত সইতে সইতে একটি অর্জন ও সাফল্যের হীরক খণ্ডে পরিণত হয়েছে । মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা স্বাধীনতার বিরুদ্ধে একটি বড় আঘাত।
বঙ্গবন্ধু ভাস্কর্য ভাংচুরের বিরুদ্ধে প্রতিবাদী নগর আওয়ামী লীগের সিদ্ধান্তে নগরীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, জহিরুল আলম দোভাষ ডলফিন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি সুনীল কুমার সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, মোহাম্মদ হোসেন, জালাল উদ্দিন ইকবাল, আবদুল আহাদ, মো. আবু তাহের, শহীদুল আলম, জহরলাল হাজারী, নির্বাহী কমিটির সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, বেলাল আহমদ প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল আন্দরকিল্লা চত্বর থেকে শুরু হয়ে মোমিন রোড, চেরাগী পাহাড় মোড়, জামালখান মোড় হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
