ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগর মহিলা আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে মহিলা আওয়ামী লীগ।
সমাবেশে মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন বলেন, “বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত স্বাধীনতার ভিত্তিমূলে আঘাত। একাত্তরের পরাজিত শক্তিরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করে যে দুঃসাহস প্রকাশ করেছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।
“ধর্মের নামে, পবিত্র ইসলামের নামে ১৯৭১ এ গণহত্যা ও নারী নির্যাতন হয়েছিল। ধর্মান্ধ শক্তির বিরুদ্ধে ক্ষোভে বিক্ষোভে প্রতিবাদে জেগে উঠতে হবে। অপশক্তি নানান ইস্যু তৈরি করে এই সরকারকে উৎখাত করার অপচেষ্টা চালাচ্ছে।”
নীলু নাগের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মালেকা চৌধুরী, খুরশীদা বেগম, হাসিনা আক্তার টুনু, রোকসানা আক্তার, হুরে আরা বিউটি, আফরোজা কালাম, শারমিন ফারুক, লায়লা আক্তার এটলী, আয়েশা আলম, আনজুমান আরা, ফাতেমা আক্তার, কামরুন নাহার, আয়েশা ছিদ্দিকা, আয়েশা আক্তার পান্না।
