চট্টগ্রামে রেল ওভারব্রিজের গার্ডার ক্রেন ছিঁড়ে পড়ল মাটিতে
বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের ফৌজদারহাট সলিমপুর অংশে নির্মাণাধীন রেল ওভারব্রিজে একটি গার্ডার তোলার সময় ক্রেন ছিঁড়ে মাটিতে পড়ে গেছে।
রোববার বিকেলের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জানিয়েছে।
“পাশেই পণ্যবাহী ট্রেন চলাচলের একটি লাইন আছে। তবে রেল চলাচল স্বাভাবিক আছে। অন্য একটি ক্রেন এনে গার্ডারটি তোলার কাজ চলছে।”
ঢাকা ট্রাংক রোডের ফৌজদারহাট অংশ থেকে নগরীর বায়েজিদ বোস্তামি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডটি নির্মাণ করছে সিডিএ। ওই প্রকল্পের অংশ হিসেবে রেল ওভারব্রিজটি নির্মাণ করা হচ্ছে।
এই প্রকল্প বাস্তবায়নে নগরীর উত্তর পাহাড়তলি, হাটহাজারীর জালালাবাদ এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর মৌজায় প্রায় ১৮টি পাহাড় কাটা হয় বলে অভিযোগ আছে।
সড়কটি পুরোপুরি চালু হলে রাউজান, হাটহাজারী, রাঙামাটি ও রাঙ্গুনিয়া থেকে আসা যানবাহন নগরীতে প্রবেশ না করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে পারবে। একইভাবে ঢাকা থেকে আসা পণ্যবাহী যানবাহন নগরীর মূল অংশ এড়িয়ে বায়েজিদে চলে যেতে পারবে।
