সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন, চট্টগ্রামে সুপারশপ মীনাবাজারকে জরিমানা
সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের অপরাধে চট্টগ্রামে সুপারশপ মীনাবাজারকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার নগরীর ষোলশহর দুই নম্বর গেইটে ‘মীনাবাজার’ আউটলেটকে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট আলী হাসান ও জিল্লুর রহমান।
আলী হাসান বলেন, “মীনাবাজারে বেনসন কোম্পানির সিগারেটের জন্য আলাদা প্রদর্শন কর্নার রাখা হয়েছে এবং সেখানে ওই সিগারেট কোম্পানির ডিসপ্লেতেই সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন হচ্ছে। এছাড়া সেখানে ভেন্ডিং মেশিন সদৃশ মেশিনও দেখা গেছে।
“ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও ভেন্ডিং মেশিন স্থাপনে নিষেধাজ্ঞা ভঙ্গ করায় মীনাবাজারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।”
সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শন এবং জরিমানার বিষয়ে জানতে চাইলে মীনাবাজারের ওই আউটলেটের ব্যবস্থাপক ইমরুল কবির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এ বিষয়ে কিছু বলতে পারব না। ওই সময়ে আমি আউটলেটে ছিলাম না।”
গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
একই ভ্রাম্যমাণ আদালত নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন বাস টার্মিনালে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা দেখতে অভিযান চালায়।
আলী হাসান বলেন, স্বাস্থ্যবিধি না মানায় এসময় এস আলম, রিলাক্স, আরকানাইজ স্পেশাল সার্ভিসের তিনটি বাসকে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওই বাস স্ট্যান্ডে অবস্থিত সমিতির সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনাও দেওয়া হয়।
