সংক্রমণের ‘অজুহাতে’ পাহাড়ের মানুষ শঙ্কা নিয়ে থাকলো পাহাড়েই
টানা বর্ষণের পর নগরীর ১১টি পাহাড় থেকে অতি ঝুঁকিপূর্ণ ৪৪৩টি পরিবারকে সরিয়ে নিলেও তারা কেউ আশ্রয় কেন্দ্রে না গিয়ে পাহাড়েই ‘কম ঝুঁকির’ স্থানে ঠাঁই নিয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত পাহাড়ের ‘অতি ঝুঁকিপূর্ণ’ স্থানে থাকা পরিবারগুলোকে সরিয়ে দেয় জেলা প্রশাসন।
এর আগে মঙ্গলবার ও বুধবার টানা দুই দিন মাইকিং করেও কাউকে পাহাড় থেকে সরানো যায়নি। করোনাভাইরাস সংক্রমণের অজুহাতে পাহাড়ে বসতি স্থাপনকারীরা আশ্রয় কেন্দ্রে যেতে রাজি ছিলেন না।
চলতি সপ্তাহে টানা চার দিন বন্দর নগরীতে বৃষ্টি হচ্ছে। এ কারণে মঙ্গলবার থেকে নগরীর বিভিন্ন স্থানে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে স্থানীয় প্রশাসন।
ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকাগুলোর মধ্যে ফয়’স লেক সংলগ্ন ঝিল পাড় ১, ২ ও ৩ নম্বর এলাকা, বিজয় নগর, জিয়া নগর, মুজিব নগর, মধ্যম নগর, শান্তি নগর ও লেক সিটি এলাকা থেকে সরানো হয়েছে ২৮৫টি পরিবারকে।
পাশাপাশি লালখান বাজার মতিঝর্ণা, পোড়া কলোনি, বাটালি হিল, বায়েজিদ, আমিন জুট মিল এলাকার পাহাড় থেকে আরও প্রায় দেড়শ পরিবারকে সরানো হয়েছে।
এসব পাহাড়ের ঢালের উপরে ও নিচে অতি ঝুঁকিতে থাকা পরিবারগুলো সরে গিয়ে পাহাড়ের মাঝামাঝি সমতল ঢালের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ঘরে আশ্রয় নিয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাহাড়ে বারবার মাইকিং করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতায় উপরে ও নিচের অংশে থাকাদের সরিয়ে নিয়েছি। কিন্তু তারা কেউ আশ্রয় কেন্দ্রে যেতে রাজি নন।
“তাই একটু কম ঝুঁকির অংশে স্বজন ও প্রতিবেশীদের ঘরেই তারা অবস্থান করছেন। করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে তারা আশ্রয় কেন্দ্রে যাবেন না বলে জানিয়েছেন। যদিও আমাদের ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে।”
এদিকে বুধবার বিকাল ৪টার পর ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। তিন নম্বর সংকেত আছে। কাল থেকে বৃষ্টি আরও বাড়বে। কয়েকদিন এই বৃষ্টি থাকবে। এরকম টানা বৃষ্টি হলে ভূমি ধসের আশঙ্কা রয়েছে।”
রোববার থেকে প্রতিদিনিই বন্দর নগরীতে সারাদিন থেমে থেকে বৃষ্টি হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসেবে বুধবার রাত নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এরআগে মঙ্গলবার ৩০ মিলিমিটার এবং সোমবার ৪০ মিলিমিটার বৃষ্টি হয়।
পরিবেশবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের পাহাড়ের যে গঠন প্রকৃতি তাতে অতীতের অভিজ্ঞতায় জানি ধারাবাহিক বৃষ্টি হলে সেক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বেশি না হলেও পাহাড় ধসের ঝুঁকি থাকে।
“কিন্তু যেভাবে এবার তাদের সরানো হলো সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পাহাড়ের মাঝামাঝি অবস্থান কিভাবে প্রশাসন নিরাপদ মনে করলো? পাহাড়ের উপরের বা নিচের যে কোনো অংশের মাটি ধস হতে পারে। তাহলে মাঝখানে থাকা আরও বেশি বিপদের। দায়সারা ভাবে এই কাজ করা হলো। যেন পাহাড়ে বসবাসকারীদের জীবনের কোনো মূল্যই নেই।”
অধ্যাপক মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, “আসলে গত এক দশকেরও বেশি সময় ধরে স্থানীয় প্রশাসনের প্রস্তুতি শুধু বর্ষার দুই মাসের আপদকালীন প্রস্তুতি। পাহাড়ে বসবাসকারীদের নিয়ে চিন্তা থাকলে আগে থেকে প্রশাসন প্রস্তুতি নিত।
“এটা পেশাদার অবস্থান নয়। যারা সরকারের পক্ষ থেকে নিরাপত্তার দায়িত্বে আছেন এই যদি হয় তাদের অবস্থা তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় গিয়ে পড়বে সরকারের উপর।”
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, “জেলা প্রশাসনের ছয়টি সার্কেলের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা প্রস্তুত আছেন। যে কোনো প্রয়োজনে তারা একযোগে কাজ করবেন।”
২০১৯ সালে নগরীর ১৭টি পাহাড়ে সাড়ে আটশ’র মত ঝঁকিপূর্ণ স্থাপনা নির্ধারণ করে পাহাড় ব্যবস্থাপান কমিটি। উচ্ছেদ শুরু হলেও সাড়ে চারশ’র মত স্থাপনা উচ্ছেদের পর তা থেমে যায়।
চলতি বছর বর্ষা আসার আগে বসতি সরাতে কোনো অভিযানই করেনি স্থানীয় প্রশাসন।
লকড ডাউনের মধ্যেই বায়েজিদ লিংক রোড এলাকায় পাঁচশ’র বেশি অবৈধ স্থাপনা গড়ে উঠলে গত ২৪ জুন অভিযান চালিয়ে সাড়ে তিনশ স্থাপনা উচ্ছেদ করা হয়।
নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো হলো- মতিঝর্ণা, বাটালি হিল, একে খান পাহাড়, ট্যাংকির পাহাড়, আমিন জুট মিল এলাকা, রৌফাবাদ, খুলশী, উত্তর পাহাড়তলি, ফয়’স লেক সংলগ্ন ঝিল-১,২,৩ নং এলাকা, জিয়ানগর, মধ্যমনগর, মুজিব নগর, শান্তিনগর, বিশ্বকলোনী, ফিরোজ শাহ, ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট এলাকা, সলিমপুর, বায়েজিদ ফৌজদারহাট সিডিএ লিংক রোড এলাকার পাহাড়।
এসব এলাকার আশেপাশে ১৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবার।
২০০৭ সালের ১১ জুন টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ও আশেপাশের এলাকায় পাহাড় ও দেয়াল ধ্বসে মাটিচাপায় ১২৭ জনের মৃত্যু হয়। এরপর থেকে প্রায় প্রতিবছরই পাহাড় ধ্বসে চট্টগ্রামে প্রাণহানির ঘটনা ঘটেছে।
২০১৭ সালের ১২-১৩ জুন রাঙামাটিতে পাহাড় ধসে ১১০ জন, চট্টগ্রামে ২৩ জনসহ মোট ১৫৬ জন মারা যায়।
