চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে ট্রেইলার চাপায় একজনের মৃত্যু
চট্টগ্রাম নগরীর সিটি গেইট এলাকায় একটি কন্টেইনার ডিপোতে ট্রেইলার চাপায় সিঅ্যান্ডএফ এজেন্টের একজন কর্মচারী মারা গেছেন।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে মারা যাওয়া শান্তনু চৌধুরী (৪০) নগরীর দেওয়ানবাজার এলাকার বাসিন্দা। তিনি এস এইচ এজেন্সি নামের একটি সিঅ্যান্ডএফে ‘জেটি সরকার’ পদে কর্মরত ছিল্নে।
সিটি গেইট এলাকার গোল্ডেন কন্টেইনারস লিমিটেড নামের কন্টেইনার ডিপোতে এ ঘটনা ঘটে বলে আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তনু চৌধুরী ওই কন্টেইনার ডিপোতে কাজ করার সময় একটি ট্রেইলার পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শান্তনু চৌধুরীর নয় বছরের এক ছেলে ও পাঁচ বছরের এক মেয়ে রয়েছে।
ঘটনার পর চট্টগ্রাম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস কর্মচারী ইউনিয়নের নেতারাসহ সিঅ্যান্ডএফ এজেন্টরা ঘটনাস্থলে জড়ো হন।
ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেলিভারির কাজে শান্তনু চৌধুরী সেখানে গিয়েছিলেন। ট্রেইলার তাকে চাপা দিলে তিনি সেখানেই মারা গেছেন।
“পরিবারের সদস্যরা আমাদের দায়িত্ব দিয়েছেন। উনার ভাইও উপস্থিত আছেন। আমরা একটা ক্ষতিপূরণ প্রস্তাব দিয়েছি। আলোচনা করে সমাধান হলে আর মামলার দিকে যাব না। এখনও আলোচনা চলছে।”
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে ডিপোর লোকজন আলোচনা করছেন। তারা সিদ্ধান্ত নিলে এরপর আইনগত বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
