২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিসারিঘাটে অভিযান, এক টন পিরানহা জব্দ

চট্টগ্রামের নতুন ফিসারিঘাটে মাছের আড়ত থেকে এক টনের বেশি পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2020, 08:25 PM

Updated : 10 Oct 2022, 07:17 PM

বিক্রয় নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছ রূপচাঁদা বলে বিক্রি করা হচ্ছিল সেখানে।

শনিবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বিভিন্ন মাছের বাজারে ও আড়তে পিরনাহা এবং আফ্রিকান মাগুর বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

“অভিযানে ফিসারিঘাটের মমিন সওদাগরের আড়তে বিক্রির জন্য রাখা প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। এই মাছ বিক্রি ও সংরক্ষণের দায়ে তাদের ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি মুচলেকাও নেয়া হয়।

“আদালতের উপস্থিতির খবর পেয়ে ট্রাক ভর্তি প্রায় এক মেট্রিক টন পিরানহা মাছ ফেলে এর মালিক ও চালক পালিয়ে যায়। এরপর মাছগুলো জব্দ করে ধ্বংস করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, মমিন সওদাগরের মাছের আড়তে বিক্রি রেজিস্ট্রারে দেখা যায় পিরানহা মাছ না লিখে ‘চাঁন্দা’ মাছ লেখা হয়েছে।

“বিক্রয় কর্মীরা জানান, ফিসারিঘাটে পিরানহা মাছকে চাঁন্দা বা চাঁদা মাছ বলে। অনেকেই জানেন না অনেকটা রুপচাঁদা মাছের মতো দেখতে এই মাছের নাম পিরানহা । এসুযোগে অসাধু ব্যবসায়ীরা নিয়মিত ক্রেতাদের ঠকাচ্ছে।”

ফিসারিঘাটের আড়তে পিরানহা ও আফ্রিকান মাগুর দেশের বিভিন্ন জেলা যেমন সাতক্ষীরা, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, এমনকি ভারত থেকে আসে বলে আড়তদারদের কাছ থেকে জানতে পারে ভ্রাম্যমাণ আদালত।

দেশিয় প্রজাতির মাছের প্রজনন ও জীববৈচিত্রের জন্য হুমকি স্বরূপ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছের পোনা উৎপাদন, চাষ, বাজারজাতকরণ, পরিবহন ও মজুদ নিষিদ্ধ করেছে সরকার।

পিরানহা মাছ রাক্ষুসে স্বভাবের। এদের ছোট চোয়াল হলেও ধারালো দুইপাটি দাঁত আছে। পিরানহা খুব সহজে অন্য প্রজাতির মাছ ও জলজ প্রাণীদের খেয়ে ফেলে। 

জেলা মৎস্য দপ্তরের সহকারি পরিচালক মো আনোয়ারুল আমীন, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন, কোস্টগার্ডের পতেঙ্গা পূর্ব জোনের সিপিও শফিউল্লাহ ও চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।