২৬ হাজার ইয়াবাসহ ট্রাকচালক গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর রাহাত্তারপুল এলাকা থেকে ২৬ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা।
শুক্রবার গভীর রাতে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল ওভার ব্রিজের পাশে ফারিয়া এন্টারপ্রাইজ নামক দোকানের সামনে একটি মিনি ট্রাক থেকে এসব ইয়াবা জব্দ করা হয় বলে জানান র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন।
র্যাব সদস্যরা ট্রাকের চালক মোহাম্মদ সেন্টুকে (২২) গ্রেপ্তার করে। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে। তিনি ঢাকার যাত্রাবাড়ি এলাকায় থাকতেন।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এসব ইয়াবা কক্সবাজার থেকে সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করত সেন্টু।”
এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা হয়েছে।
