২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ রোগী শনাক্ত

ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ ১৮ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2020, 12:17 AM

Updated : 18 Aug 2022, 02:59 PM

বিআইটিআইডির ল্যাবে বৃহস্পতিবার ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব নমুনায় ১৯ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ১৮ জন এবং নোয়াখালীর একজন।”

চট্টগ্রামের ১৮ জনের মধ্যে ১৪ জন মহানগরীর এবং বাকি চারজন বিভিন্ন উপজেলার। চট্টগ্রামের ১৮ জনের মধ্যে একজন মৃত ব্যক্তির নমুনায় পজিটিভ পাওয়া গেছে। চট্টগ্রামে এনিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব মতে, নগরীর আকবর শাহ এলাকায় একজন, হালিশহরে দুইজন, সাগরিকা এলাকায় একজন (মৃত), দক্ষিণ নালাপাড়ার একজন, এনায়েত বাজার এলাকার দুইজন, ঈদগাঁ এলাকার দুইজন, রাহাত্তারপুলের একজন, পাঁচলাইশের একজন, শুলকবহরের একজন, কোতোয়ালীর একজন, কর্নেলহাট এলাকার একজন, লোহাগাড়া উপজেলায় দুজন, সাতকানিয়াতে একজন রয়েছেন।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তি দাঁড়াল ১৫৩ জনে। বাইরে থেকে পজিটিভ হয়ে আসা চট্টগ্রামের বাসিন্দা আছেন আরও পাঁচজন।

চট্টগ্রামে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন এখন পর্যন্ত ৪৭ জন।