২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদাগাদি করে দাঁড়িয়ে ত্রাণ নিলেন সিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা

নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক মেনে চলার নির্দেশনা থাকলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তা মানা হয়নি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 08:53 PM

Updated : 10 Oct 2022, 07:06 PM

সিসিসির প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলছেন, তারা ‘যতদূর সম্ভব’ সামাজিক দূরত্ব মানার চেষ্টা করেছেন, কিন্তু কর্মীরা তার তোয়াক্কা না করেই লাইনে দাঁড়িয়েছিলেন ।

বুধবার বিকালে আন্দরকিল্লায় নগর ভবনের পাশের খোলা জায়গায় সিসিসির পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে ত্রাণ বিতরণের ব্যবস্থা করা হয়। সেখানে সিসিসির নারী ও পুরুষ পরিচ্ছন্নতাকর্মীরা জড়ো হন বিকাল চারটার দিকে।

এসময় আলাদা লাইনে নারী ও পুরুষ কর্মীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গায়ে গায়ে লেগে দাঁড়ানো অধিকাংশ কর্মীর মুখে মাস্ক থাকলেও খুব কম সংখ্যকের হাতে গ্লাভস ছিল।

বুধবার ৯৫৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে চাল-ডালসহ বিভিন্ন রকম খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এভাবে ভিড় করে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিসিসির পরিচ্ছন্নতা বিভাগের প্রধান শফিকুল মন্নান সিদ্দিকী যীশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগর ভবন এলাকায় ৯৫৮ জনকে আজ ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।

“সামাজিক দূরত্ব যতদূর পেরেছি বজায় রেখেছি। তাদের বলার পরও লাইনে কাছাকাছি দাঁড়িয়ে ছিল।”

সিসিসির অধীনে তিন হাজার ৭০০ পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে এক হাজার সাতশ স্থায়ী।