২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুজনের ভাইরাস শনাক্ত হওয়ার পর এলাকা অবরুদ্ধ

চট্টগ্রামে দুইজনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর নগরীর পাহাড়তলী এবং জেলার সাতকানিয়ায় বেশ কয়েকটি বাড়ি অবরুদ্ধ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 11:49 PM

Updated : 08 Apr 2022, 12:36 AM

শনিবার চট্টগ্রামের বিআইটিআইডিতে পরীক্ষায় জেলার দুইজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ আসে।

এদের একজন নগরীর পাহাড়তলী এলাকার এবং অপরজন সাতকানিয়া উপজেলার আলীনগর এলাকার, যিনি গত বৃহস্পতিবার গভীর রাতে মারা যান।

পাহড়তলী থানার ওসি ময়নুর রহমান জানান, শনিবার রাতেই করোনাভাইরাস রোগী শনাক্তের সংবাদ পাওয়ার পর পাহাড়তলী সিডিএ মার্কেট সংলগ্ন দুলালাবাদ এলাকায় পাঁচটি ভবন ‘লকডাউন’ করা হয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তি নগরীর কদমতলী এলাকায় লোহার ব্যবসা করতেন।

“তার বিদেশ সংক্রান্ত কোনো যোগসূত্র পাওয়া যায়নি। তিনি কয়েক দিন আগেও স্থানীয় কাচাবাজারে গেছেন। সেখানকার এক তরকারি দোকানের কর্মচারী সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।”

সাতকানিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ির এলাকা আলী নগর লকডাউন করা হচ্ছে বলে ইউএনও নুরে আলম জানিয়েছেন।

সাতকানিয়ার ওই ব্যক্তিকে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই মারা যান।

হাসপাতালের উপ-পরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, ওই ব্যক্তিকে আনা হয় মৃত অবস্থাতেই। সে সময়ে চিকিৎসকসহ যারা দায়িত্বে ছিলেন তাদের আপাতত বাসাতেই থাকতে বলা হয়েছে।

“রোববার আমরা বৈঠক করে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেব।”