চট্টগ্রামে কমিউনিটি সেন্টার, ক্লাবে অনুষ্ঠান বন্ধে নির্দেশনা
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে জনসমাগম রোধে কমিউনিটি সেন্টার ও ক্লাবগুলোতে সামাজিক অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে নগর পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক নির্দেশনায় ক্লাব, কমিউনিটি সেন্টার মালিকদের ‘কোনো ধরনের অনুষ্ঠানের বুকিং না নেওয়ার অনুরোধ’ জানানো হয়।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্লাব, কমিউনিটি সেন্টারের পাশাপাশি যে সকল হোটেলে সামাজিক অনুষ্ঠান করা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা বজায় থাকবে।
এর আগে বুধবার পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়’স লেক, জাম্বুরি পার্কসহ বিভিন্ন স্থানে জনসমাগম না ঘটানোর আদেশ দেয়া হয় নগর পুলিশের পক্ষ থেকে।
