চট্টগ্রামে ভোটের মাঠ থেকে সরে গেলেন জাপার শেঠ
চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ। প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
রোববার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিসি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন সোলায়মান আলম শেঠ।
মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোলায়মান আলম শেঠের প্রত্যাহারপত্র গৃহীত হয়েছে।
পরে এ বিষয়ে জানতে চাইলে সোলায়মান আলম শেঠ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা দলের সিদ্ধান্ত, প্লাস আমারও কিছু ব্যক্তিগত সমস্যা আছে, তাই প্রত্যাহার করেছি।”
কোনো মেয়র প্রার্থীর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি আগামীকাল ঢাকায় যাব, তারপর এ বিষয়ে বলতে পারব।”
গত ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র গ্রহণের দিন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ বলেছিলেন তিনি জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী।
২০১০ সালের নির্বাচনে সোলায়মান আলম শেঠ আওয়ামী লীগের সেসময়ের মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থনে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।
সোলায়মানের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন মেয়র পদে বৈধ প্রার্থী রইলেন ছয়জন।
এরা হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।
গত ১ মার্চ চূড়ান্ত বাছাইয়ে বাতিল হয় দুই স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী ও মোহাম্মদ তানজির আবেদীনের মনোনয়ন।
এই নির্বাচনে কাউন্সিলর পদে বৈধ প্রার্থী রয়েছেন ২৬৯ জন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে।
এই সিটিতে ভোট হবে ২৯ মার্চ।
