২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী প্রচার সামগ্রী সরাতে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে লাগানো পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2020, 09:30 PM

Updated : 10 Oct 2022, 07:01 PM

বুধবার নগরীর বিভিন্ন ওয়ার্ডে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।

নির্বাচন কমিশনের নির্দেশনার পরও নগরীর বিভিন্ন ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের পক্ষে লাগানো ব্যানার ফেস্টুন, পোস্টার অপসারণ করেনি প্রার্থীরা। এসব পোস্টার, ফেস্টুন অপসারণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

ম্যাজিস্ট্রেট তৌহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড  ও বিধিমালা পালন নিশ্চিতের জন্য  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত এ অভিযানে নির্বাচনী আচরণ বিধিমালা না মেনে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে লাগানো ব্যানার, পোস্টার, ফেস্টুন অপসারণ করা হয়।  

ম্যাজিস্ট্রেট তৌহিদ জানান, অভিযানে পোস্টার, ফেস্টুন, ব্যানার অপসারণ করা হলেও কোন ধরনের মামলা করা হয়নি।