২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবির সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠান শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার শুরু হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 12:50 AM

Updated : 18 Aug 2022, 06:16 PM

মঙ্গলবার বিভাগের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং বিভাগের প্রাক্তনীদের সংগঠন ‘যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ যৌথভাবে এ রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করেছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার দুই দিনব্যাপী এ রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উদ্বোধনী  অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন।

এছাড়াও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মুহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম আলোচনা সভায় অংশ নেবেন।

আলোচনা সভার পাশাপাশি ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের আয়োজন রাখা হয়েছে উদ্বোধনী দিনে।

পরদিন শুক্রবার নগরীর হোটেল র‌্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে দিনব্যাপী প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

লিখিত বক্তব্যে অধ্যাপক আবুল কালাম জানান, ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সাংবাদিকতা বিভাগ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। একই বছরের ৮ মার্চ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় অ্যকাডেমিক কাউন্সিলের বিভাগ চালুর সিদ্ধান্তটি অনুমোদন দেয় এবং ৮ ডিসেম্বর কলা অনুষদের তৎকালীন ডিন অধ্যাপক হায়াৎ হোসেনকে বিভাগের প্রথম সভাপতি নিয়োগ দেওয়ার মাধ্যমে বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

পরের বছর শিক্ষার্থী ভর্তির মাধ্যমে শুরু হয় বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম। পরবর্তীতে সাংবাদিকতা বিভাগের সাথে যোগাযোগ যুক্ত করে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ হিসেবে নামকরণ হয় এ বিভাগটির।

১৯৯৪ সালে শুরু হওয়া এই বিভাগ থেকে ইতোমধ্যে ২০টি ব্যাচের শিক্ষার্থীরা পাশ করে তাদের কর্মজীবনে প্রবেশ করেছে। নতুন শিক্ষার্থী হিসেবে ২৫ ব্যাচ ভর্তি হয়েছে। এক সময় ক্লাস রুম সংকটে জারুল তলায় ক্লাস করারও নজির সৃষ্টি করেছিলেন এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। বর্তমানে এ বিভাগ স্বয়ং সম্পূর্ণ। আধুনিক মিডিয়া ল্যাব, ডিজিটাল ক্লাসরুমসহ সর্বদিকে পরিপাটি এ বিভাগ।

বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে বিভাগীয় সভাপতি আবুল কালাম বলেন, ২০১৭ সালের প্রথম দিকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রম শুরু করে। ওই বছরের ডিসেম্বরে বিভাগের সাথে যৌথভাবে ২৩ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করেছিল। এ বছর রজতজয়ন্তী অনুষ্ঠানও যৌথভাবে আয়োজন করা হয়েছে।

তিনি জানান, বিভাগের সাথে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ছাড়াও নবীন অ্যালামনাইদের কর্মক্ষেত্রে প্রবেশে সহযোগিতা, বর্তমান শিক্ষার্থীদের বৃত্তিপ্রদানসহ নানা ধরনের কাজ করছে সাবেকদের এ সংগঠন।

বিভাগের বিভিন্ন বর্ষের ছয় মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা, বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হবে রজতজয়ন্তী অনুষ্ঠানে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ, রজতজয়ন্তী উদযাপন পরিষদের মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক উত্তম সেন গুপ্ত।