রাস্তায় ছুড়ে ফেলা ব্যাগে হাজার হাজার ইয়াবা
চট্টগ্রামে রাস্তায় ছুড়ে ফেলা একটি ব্যাগে মিলেছে বিপুল পরিমাণ ইয়াবা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে দেওয়ান হাট মোড়ে ব্যাগটি পাওয়া যায় বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ১০টার দিকে দেওয়ান হাট ফ্লাইওভারের উপর থেকে নিচে রাস্তায় চটের ব্যাগটি ফেলা হয়েছে।”
ফ্লাইওভার থেকে নিচে মূল সড়কের ফুটপাতের উপর ব্যাগটি ফেলা হয়।
আশিকুর বলেন, “জনবহুল সড়টিতে উপর থেকে ব্যাগ পড়ায় পথচারীদের উৎসাহ জাগে কী আছে দেখার জন্য। তখন দায়িত্ব পালনকরা ট্রাফিক ও থানা থেকে পুলিশ এসে ব্যাগের ভেতরে ছোট ছোট বান্ডেলে থাকা ইয়াবাগুলো উদ্ধার করে।”
উদ্ধার করা ইয়াবার পরিমাণ ৪০ হাজার হতে পারে বলে জানান তিনি।
