বিশ্ববিদ্যালয় ছাত্রীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ
‘দ্রুত নামতে না পারায়’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় ১০ নম্বর বাস থেকে ওই ছাত্রীকে ফেলে দেওয়া হয় বলে পাচঁলাইশ থানায় একটি অভিযোগ করেছেন তার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাশিদ শাহরিয়ার।
তিনি বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, বুধবার রাত পৌঁনে ১০টায় চারুকলা ইনস্টিটিউটের একটি অনুষ্ঠান শেষে ১০ নম্বর বাসে নগরীর জি ই সি মোড় থেকে মুরাদপুর যাচ্ছিলেন তারা।
“মুরাদপুরে আমি নেমে গেলেও আমার বান্ধবী নামতে পারেনি। সে বাস থেকে নামিয়ে দেওয়ার জন্য সহকারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালে তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়।”
পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম জানান, মেয়েটি বাসের নম্বর বলতে না পারায় এখন বাসটি শনাক্তের চেষ্টা চলছে। বাস শনাক্ত হলে চালক ও তার সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
