চট্টগ্রামে মধুবনের গুদামে আগুন
চট্টগ্রাম নগরীর বিবিরহাট এলাকায় আগুনে পুড়েছে মধুবন বেকারির গুদাম।
শনিবার সকাল আটটার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বিবিরহাট এলাকায় মোহাম্মদ সোলায়মানের মালিকানাধীন মধুবন কনফেকশনারির পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নির্বাপণ করেন।
আগুনে ওই কনফেকশনারির প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান জসিম উদ্দিন।
