চট্টগ্রামে পাটকল শ্রমিকদের সড়ক-রেলপথ অবরোধ
বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে রাজপথ-রেলপথ আটকে বিক্ষোভ দেখিয়েছে পাটকল শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বাংলাদেশ জুট মিল করপোরেশনের (বিজেএমসি) অধীন পাটকলের শ্রমিকরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে। এছাড়াও চট্টগ্রাম-ঢাকা-সিলেট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনও আটকে দেয় শ্রমিকরা।
হাফিজ জুট মিল সিবিএর সাধারণ সম্পাদক মো. মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজপথ, রেলপথ অবরোধের কর্মসূচি থাকলেও এইচএসসি পরীক্ষার্থীদের কথা ভেবে তা সাড়ে নয়টা পর্যন্ত পালন করা হয়।
“আগামী দুইদিনও রাজপথ-রেলপথ অবরোধ করা হবে।”
মাহবুব বলেন, শ্রমিকদের বকেয়া বেতন, মজুরি কমিশন বাস্তবায়নসহ নয় দফা দাবিতে গত ২ মার্চ থেকে দেশব্যাপী আন্দোলন চলে আসছে। অন্দোলনের কারণে প্রধানমন্ত্রী বিজেএমসিকে নির্দেশ দিয়েছিলেন সমস্যা সমাধানে।
“বিজেএমসি চেয়ারম্যান ও সচিব পাটকল শ্রমিক লীগের সাথে লিখিত চুক্তি করেছে ২৮ মার্চের মধ্যে সমস্যা সমাধান করবে। কিন্তু তারা তা বাস্তবায়ন করেনি। আমাদের আগের নয় দফা দাবির সাথে এখন বিজেএমসির পাঁচ পরিচালকের অপসারণের দাবিও যুক্ত হয়েছে।”
এদিকে পাটকল শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ বার আউলিয়া থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশের মতো চট্টগ্রামেও সকালে রাজপথ অবরোধ করে পাটকল শ্রমিকরা।
“সকাল সোয়া নয়টা পর্যন্ত তারা অবরোধ করে রাখলেও আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সড়ক স্বাভাবিক হয়েছে।”
শ্রমিকদের অবরোধের কারণে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ও সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আধা ঘণ্টার মতো অঅটকে ছিল বলে জানিয়েছেন পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দিন।
অন্যদিকে আমিন জুট মিলের শ্রমিকরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী রেলপথ অবরোধ করে।
ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানান, ক্যাম্পাসগামী দ্বিতীয় শাটল ট্রেন সকাল সাড়ে ৮টার দিকে আমিন জুট মিল পার হওয়ার সময় শ্রমিকরা তা আটকে দেয়। প্রায় আধা ঘণ্টা ট্রেনটি আটকে রাখার পর ছেড়ে দেওয়া হয়।
পরবর্তী ট্রেনগুলো ঠিক সময় ধরে চলছে বলে জানান তিনি।
পাটকল শ্রমিকরা বলছেন, বেশ কয়েক সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি বকেয়া আছে বিজেএমসির আওতাধীন জুট মিলগুলোতে। এছাড়াও ২০১৫ সালে ঘোষিত মজুরি কমিশন এখনও চালু করা হয়নি।
তাদের অভিযোগ, বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা কেটে রাখা হলেও ২০১৪ সাল থেকে অবসরে যাওয়া শ্রমিকদের সেই টাকা দেওয়া হচ্ছে না। পাশাপাশি ২০১৩ সাল থেকে গ্রাচুইটিও দেওয়া হচ্ছে না।
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীনে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা জোনে মোট ২৬টি পাটকল রয়েছে।
তার মধ্যে চট্টগ্রাম জোনে রয়েছে আমিন জুট মিলস লিমিটেড ও ওল্ড ফিল্ডস লিমিটেড, গুল আহমেদ জুট মিলস লিমিটেড, হাফিজ জুট মিলস লিমিটেড, এমএম জুট মিলস লিমিটেড, আর আর জুট মিলস লিমিটেড, বাগদাদ-ঢাকা কার্পেট ফ্যাক্টরি লিমিটেড, কর্ণফুলী জুট মিলস লিমিটেড, ফোরাত কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি, গালফ্রা হাবিব লিমিটেড ও মিলস ফার্নিসিং লিমিটেড।
