এইচএসসি: মোবাইল ফোন সঙ্গে থাকায় পরীক্ষার্থী বহিষ্কার
মোবাইল ফোন সঙ্গে রাখায় চট্টগ্রামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার পরীক্ষার প্রথম দিন চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাহবুব হাসান জানান, কুলগাঁও সিটি করপোরেশন কলেজের এক পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোনটি পাওয়া যায়। তাই ওই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
দেশের আটটি সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা বোর্ডের অধীনে সোমবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান জানান, বাংলা প্রথম পত্রে চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সাবাজর ও তিন পাবর্ত্য জেলায় ৮২ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথমদিন অনুপস্থিত ছিলেন ৯৮৩ জন।
এর মধ্যে চট্টগ্রামে ৭২২, কক্সবাজারে ৮৭, রাঙামাটিতে ৪৯, খাগড়াছড়িতে ১০০ ও বান্দরবানে ২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বোর্ডের অধীনে কোথাও প্রশ্ন ফাঁস ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৯ হাজার ৬৫১ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবছর অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৪৯ হাজার ৩৬৫ জন ছাত্র আর ৫০ হাজার ২৮৬ জন ছাত্রী।
এবছরও সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে। কম পরীক্ষার্থী বিজ্ঞান বিভাগের। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৬৬২ জন। আর ব্যবসায় শিক্ষা থেকে ৩৮ হাজার ৯৯৪ ও মানবিক বিভাগ থেকে ৩৭ হাজার ৮৮১ জন পরিক্ষার্থী।
এ বছর ৭১ হাজার ৯৩ জন পরীক্ষার্থী নিয়মিত, ২৫ হাজার ৯৭৬ জন অনিয়মিত। আর ২০০ শিক্ষার্থী প্রাইভেটে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে পাওয়া তথ্যে জানা যায়।
