২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃহস্পতিবার শুরু হচ্ছে রিহ্যাবের আবাসন মেলা

বৃহস্পতিবার থেকে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৯ শুরু হতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 06:16 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ক্লাবে এক সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে জানানো হয়।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ১৪ থেকে ১৭ মার্চ পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেলে রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০১৯ আয়োজন করা হয়েছে।

“এবার মেলায় ৭৬টি স্টল থাকছে। এর মধ্যে ৫৬টি আবাসন প্রতিষ্ঠান। এছাড়া ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালস প্রতিষ্ঠান অংশ নেবে।”

বৃহস্পতিবার সকালে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে কৈয়ূম চৌধুরী বলেন, বর্তমানে রেজিস্ট্রেশন ব্যয় অত্যাধিক হওয়ায় ফ্ল্যাট ও প্লট ক্রেতারা রেজিস্ট্রেশন করার আগ্রহ হারিয়ে ফেলেছে। ফলে সরকার এই খাতে যথাযথ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

“অবিলম্বে রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করা প্রয়োজন। সরকারি ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের যেভাবে কম সুদে দীর্ঘ মেয়াদে ঋণ বরাদ্দ দেওয়া হচ্ছে সেভাবে বেসরকারি চাকরিজীবী ও অন্যান্যদের জন্য কম সুদে দীর্ঘ মেয়াদে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করা প্রয়োজন।”

তিনি বলেন, এবার মেলায় ৫০০ কোটি টাকার বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মেলায় দুই হাজার প্লট ও পাঁচ হাজার ফ্ল্যাট বিক্রির লক্ষ্য ধরা হয়েছে।

এক প্রশ্নে তিনি বলেন, ক্রেতাদের অভিযোগ নিস্পত্তিতে রিহ্যাবের কাস্টমার সার্ভিস কমিটি কাজ করছে। এ পর্যন্ত ৬৩টি অভিযোগের বিপরীতে ৪০টি নিষ্পত্তি করা হয়েছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশের সিঙ্গেল টিকেট ৫০ টাকা এবং মাল্টিপল টিকেট ১০০ টাকা।

মেলা উপলক্ষ্যে বুধবার সকালে সাইকেল র‌্যালি, শুক্রবার শিশু চিত্রাংকন প্রতিযোগিতা এবং ১৭ মার্চ মেলা প্রাঙ্গনে জাতীয় শিশু দিবস উদযাপন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, পরিচালক মো. শাকিল কামাল চৌধুরী, প্রকৌশলী মো. দিদারুল হক চৌধুরী এবং মাহবুব সোবহান জালাল তানভীর।