পাহাড় কাটায় পিএইচপিকে জরিমানা
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় পিএইচপি গ্রুপের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসাইন শুনানি শেষে পিএইচপি পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজকে জরিমানা করেন।
অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা নির্মাণের জন্য পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ পাহাড় কেটেছিল।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে গিয়ে পাহাড় কাটার প্রমাণ পাওয়ার পর পিএইচপি গ্রুপের প্রতিনিধিকে সশরীরে উপস্থিত হয়ে শুনানির দিন ধার্য করেন।
বুধবার শুনানিতে পাহাড় কাটায় পিএইচপিকে চার লাখ টাকাজরিমানা করা হয় বলে জানান মুক্তাদির হাসান। সাত কর্মদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশও দেয়া হয়েছে।
একইদিন শুনানিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি, বান্দরবানের চারটি ও নোয়াখালীর একটি ইটভাটাকে পরিবেশগত ছাড়পত্র ও অনুমোদন ছাড়া পরিচালনার অপরাধে পাঁচ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
