চট্টগ্রামে দলবেঁধে গার্মেন্টকর্মী ধর্ষণে গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর উত্তর নালাপাড়ায় এক গার্মেন্টকর্মীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় ওই ঘটনার পর রাতেই নগরীর নালাপাড়া এলাকা থেকে শাহ আলম রাসেল (২০) ও মো. হানিফকে (২০) গ্রেপ্তার করা হয় বলে সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় সহকর্মীদের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষিত হন আনুমানিক ২০ বছর বয়সী ওই গার্মেন্টকর্মী।
“তিনি জানিয়েছেন, নদী তীরে সহকর্মীদের সাথে বেড়াতে গিয়ে ফেরার সময় চার-পাঁচজন বখাটে তাদের অনুসরণ করে এবং তাকে জোরপূর্বক নালাপাড়া এলাকায় তুলে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে।”
এ ঘটনায় ওই নারী বাদি হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রাথমিক তদন্ত করে অভিযান চালিয়ে রাতের মধ্যেই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা রুহুল।
গ্রেপ্তার হানিফ আইপিএস মেরামতের কাজ করেন এবং রাসেল এলাকায় ‘বখাটে’ হিসেবে পরিচিত।
দুইজনই ধর্ষণের কথা স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
পলাতক দুই আসামি নয়ন ওরফে শরিফ (২৫) ও আরিফ হোসেনকে (২৪) গ্রেপ্তারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।
