চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত ইউপি সদস্যের মৃত্যু
চট্টগ্রামে জমির বিরোধে ছুরিকাঘাতে আহত এক ইউনিয়ন পরিষদ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত ইমরান চৌধুরী (৪৫) হাটহাজারি গড়দুয়ারা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
হাটহাজারি থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সোমবার দুপুরে ইছাপুর বাজারে ইমরানকে ছুরিকাঘাত করেন জামশেদ নামের এক যুবক।
“স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান ইমরান।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইমরানকে পেছন থেকে ছুরি মারা হয়েছিল।
জামশেদকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন হাটহাজারির ওসি জাহাঙ্গীর।
