২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের তৃতীয় আবাসন প্রকল্পের কাজ মার্চে শুরু

চট্টগ্রামের সাংবাদিকদের জন্য তৃতীয় আবাসন প্রকল্পের কাজ চলতি বছরেই শুরু হচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2019, 10:10 PM

Updated : 08 Apr 2022, 03:40 PM

রোববার চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় শেরমাহ এলাকায় সোসাইটির নিজস্ব জায়গায় তৃতীয় প্রকল্পের কাজ শুরুর ঘোষণা দেওয়া হয়।  

হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন কুমার মল্লিকের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন হাসান ফেরদৌস, অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন মো. নুরুদ্দিন।

সভায় বলা হয়, এই প্রকল্পে চট্টগ্রামের শতাধিক সাংবাদিককের জন্য আবাসিক ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মার্চে হবে।

এছাড়া ফ্ল্যাট নির্মাণে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।

শেরশাহ হাউজিং সোসাইটির প্লট মালিক সুখময় চক্রবর্ত্তীর সঙ্গে চলমান মামলা নিষ্পত্তির জন্য দুইপক্ষের মধ্যে সমঝোতা চুক্তিও গৃহীত হয় বার্ষিক সাধারণ সভায়।

সভার শুরুতে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার লাভের জন্য সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয় হাউজিংয়ের পক্ষ থেকে।

এসময় মেয়র নাছির সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন এবং তৃতীয় আবাসন প্রকল্প বাস্তবায়নে সহায়তারও ঘোষণা দেন।

সাধারণ সভায় বক্তব্য রাথেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ভাইস চেয়ারম্যান সমীর বড়ুয়া, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, প্রবীন সাংবাদিক সুখময় চক্রবর্ত্তী, আনোয়ার হোসেন পিন্টু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর এবং আপ্যায়ন সম্পাদক রোকসার আহমেদ।