২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে হামলায় যুবলীগ নেতা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে প্রতিপক্ষের হামলায় এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2018, 07:35 PM

Updated : 11 Oct 2022, 12:52 PM

সোমবার বিকালে পৌর সদরের ভোলাগিরি রেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছে।

নিহত সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮) পৌর সদরের মাধবপুর এলাকার এলাকার সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। তিনি ৪ নম্বর মাধবপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

হামলায় স্থানীয় যুবলীগ নেতা মো. সাজ্জাত হোসেন ও বাপ্পী এবং ছাত্রলীগ নেতা অমল দেবনাথও আহত হয়েছেন।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এলে দাউদের অনুসারীদের হামলায় বিরোধী পক্ষের মোফাক্‌খর (৪০) নামের একজনও ছুরিকাহত হন। তখন পুলিশ ধাওয়া দিয়ে হাসপাতাল থেকে দুই পক্ষেকে সরিয়ে দেয়।

নিহত দাউদ সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগ সভাপতি এস এম আল মামুনের অনুসারী। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ প্রায় ২১টি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে দাউদকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাত ভাই সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে বাড়ি থেকে বেরিয়ে ভোলাগিরি রেল গেইট এলাকায় পৌঁছালে স্থানীয় শহীদ, রুবেলসহ ২০-৩০ জন তাকে কুপিয়ে জখম করে।”

স্থানীয়রা জানায়, গত এপ্রিলের প্রথম সপ্তাহে শহীদের এক ভাই ছুরিকাঘাতে আহত হন। চিকিৎসাধীন অবস্থায় কয়েকদিন পর তিনি হাসপাতালে মারা যান। এই ঘটনায় করা মামলায়ও দাউদ সম্রাট আসামি।

ঘটনার বিষয়ে নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন চমেক হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ২টার দিকে অমল দেবনাথ ও আমার ভাই একসঙ্গে ভোলাগিরি সড়ক ধরে একটি বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন।

“এসময় একটি মাইক্রোবাস নিয়ে শহীদ, জুয়েল, জিশান ও রুবেলের নেতৃত্বে হামলাকারীরা আসছিল। তারা শুরুতে রেল গেইট এলাকায় দুজনকে কুপিয়ে জখম করে। পরে মহাসড়কের দিকে চলে যাওয়ার সময় সাজ্জাত ও বাপ্পীকে কুপিয়ে আহত করে।”

সীতাকুণ্ড থানার ওসি মো. দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাউদের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে বিকালে চমেক হাসপাতালে দাউদের প্রতিপক্ষ দলের মোফাক্‌খরকে পেয়ে দাউদের সহযোগীরা তার উপর হামলা চালায়।

ছুরিকাঘাতে আহত মোফাক্‌খরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম।