২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত শিশু আড়াই মাস পর উদ্ধার

কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত এক শিশুকে আড়াই মাস পর চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 04:57 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

বাকলিয়া থানার রফিক সওদাগর কলোনী থেকে সাত বছর বয়সী শিশুটিকে উদ্ধারের পাশাপাশি দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর চান্দগাঁও কোম্পানি কমান্ডার মেজর মো. রবিউল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- সোহেল (৩০) ও পরেভেজ (২২)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মেজর রবিউল জানান, অগাস্ট মাসের শেষ সপ্তাহের দিকে পেকুয়া উপজেলার ফুফুর বাড়ি থেকে অপহরণ করা হয়েছিল শিশুটিকে।

“গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি বাসা থেকে ভোররাতে দুই মাস ২১ দিন পর নাঈমুলকে উদ্ধার এবং অপহরণের অভিযোগে সোহেল ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।”

মেজর রবিউল জানান, শিশুটি পেকুয়ায় ফুফুর বাড়িতে থাকলেও তাদের বাড়ি মহেশখালীতে। তার বাবা আব্দুল হাই মাছের চাষ করেন।

“পারিবারিক বিরোধের কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে।”

গ্রেপ্তাররা অপহরণে আরও কয়েকজনের জড়িত থাকার কথা জানালেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেননি মেজর রবিউল।