২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা বহনে চট্টগ্রামে একজনের ১২ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার একজনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2018, 06:24 PM

Updated : 19 Aug 2022, 02:48 PM

রোববার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত জুয়েল খাঁ ঢাকার মুন্সীগঞ্জের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী উত্তম কুমার দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে।

জিরিমানার অর্থ পরিশোধ না করলে জুয়েলকে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান তিনি।

আদালত থেকে পাওয়া তথ্যে জানা যায়, ২০১৭ সালের ৩ মে নগরীর চান্দগাঁও থানার আরাকান সড়কে ২৭ হাজার ৫৫০টি ইয়াবা নিয়ে র‌্যাবের হাতে ধরা পড়েন জুয়েল।

টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকার যাত্রাবাড়ী যাচ্ছিলেন বলে তখন জানিয়েছিলেন জুয়েল।

আইনজীবী উত্তম বলেন, এই মামলায় গত বছরের ২৪ মে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। গত ১৫ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করে।