চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জামায়াত ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আজিজুল হক (৪৮) ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ রাহাত্তার পুল এলাকা থেকে আজিজুলকে গ্রেপ্তার করা হয়।”
অভিযোগ জানতে চাইলে ওসি বলেন, “২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে বাকলিয়া এলাকায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন নাশকতায় আজিজুলের ইন্ধন ছিল।”
আজিজুল গত সিটি করপোরেশন নির্বাচনে ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন।
তার ছোট ভাই আজিজুর রহমান ২০০০ সালে চট্টগ্রামে চাঞ্চল্যকর আট ছাত্রলীগ নেতাকর্মী হত্যা মামলার অন্যতম আসামি। আজিজ বিদেশে পালিয়ে আছেন বলে জানান ওসি প্রণব।
