২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়কে কাজ করার সময় লরির ধাক্কায় শ্রমিক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৌন্দর্য বর্ধনের কাজ করার সময় লরির ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2018, 08:34 PM

Updated : 19 Aug 2022, 02:35 PM

বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত সন্দ্বীপ দাশ (১৮) বাড়বকুণ্ড ইউনিয়নের চাড়ালকান্দি গ্রামের উত্তম চন্দ্র দাশের ছেলে।

হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মাসুদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্দ্বীপ ঠিকাদারের অধীনে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকের কাজ করতেন।

“সকালে বাড়বকুণ্ড বাজারে মহাসড়ক বিভাজনের কাজ করছিলেন সন্দ্বীপসহ কয়েকজন শ্রমিক। এসময় চট্টগ্রামমুখী একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয় সে।”

সহকর্মীরা সন্দ্বীপকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, স্থানীয় লোকজন ও অন্যান্য শ্রমিকরা জানিয়েছে চট্টগ্রামমুখী একটি লরির পেছনে ধাক্কা লাগে সন্দ্বীপের। সবার ধারণা আইল্যান্ডের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অথবা নামার সময় লরির সাথে তার ধাক্কা লাগে।

লরিটি চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ও শ্রমিকরা সন্দ্বীপকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে।