চট্টগ্রামে ৮৮০০ ইয়াবাসহ রোহিঙ্গা আটক
চট্টগ্রামে ৮৮০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার মো. ফয়েজ (২৫) উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের এক নম্বর ক্যাম্পের বাসিন্দা।
বৃহস্পতিবার নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী কর্ণফুলী মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো-উপ অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফয়েজের কাছ থেকে ৮৮০০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বলেছে, গত বছর মিয়ানমার থেকে সে বাংলাদেশে এসেছে।
“সকালে ফয়েজ টেকনাফ থেকে চট্টগ্রামে আসে। তার পরিচিত এক ব্যক্তি বহদ্দারহাট থেকে ইয়াবাগুলো দিয়ে তাকে কর্ণফুলী মার্কেটে আরেকজনের কাছে পাঠায় বলে সে জানিয়েছে।”
এই চক্রে আর কারা জড়িত তা জানতে ওই রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা শামীম।
