২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই স্থানে শোক দিবসের দুই কর্মসূচি বন্ধের নির্দেশ

চট্টগ্রামের বোয়ালখালীতে একই স্থানে দুই পক্ষ জাতীয় শোক দিবসের কর্মসূচি আয়োজন করায় সংঘাতময় পরিস্থিতি এড়াতে উভয়পক্ষের অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2018, 07:53 PM

Updated : 19 Aug 2022, 02:31 PM

মঙ্গলবার দুই পক্ষের সাথে বৈঠক করে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় অনুষ্ঠান না করার আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজিলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শ্রীপুর মুন্সীহাট এলাকায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে আগামী বৃহস্পতিবার জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“একই স্থানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করায় সংঘতাময় পরিস্থিতি এড়াতে দুই পক্ষকে আনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছি।”

উপজেলার ৮ নম্বর শ্রীপুর-হরণদ্বীপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় শোক দিবস ও মেজবানের আয়োজক চেয়ারম্যান মোহাম্মদ মোকাররম।

এতে ইউএনও আছিয়া খাতুনকে প্রধান অতিথি করা হয়। এছাড়াও উপজেলার আরও পাঁচজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

চেয়ারম্যান মোকাররম বলেন, শোক দিবসের মেজবানে চার হাজার মানুষের জন্য আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেজন্য সোমবার রাতে মঞ্চ তৈরির কাজও শুরু হয়েছিল।

অপরদিকে একইসময় ওইস্থানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে শোক দিবসের অনুষ্ঠানের ডাক দেওয়া হয়।

চেয়ারম্যান মোকাররম অভিযোগ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের নেতৃত্বে একদল লোক সোমবার রাতে ডেকোরেশনের জিনিসপত্র জড়ো করে মাইক লাগায়।

উদ্ভুত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈঠক করে দুইপক্ষের অনুষ্ঠান বন্ধ করে দেন।