নির্মাণ শ্রমিকদের মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ১
বন্দর নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় গণপূর্ত অধিদপ্তরের সংস্কারাধীন একটি ভবনে শ্রমিকদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোমিন রোড এলাকা থেকে শুক্রবার রাতে লিয়াকত আলী (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
লিয়াকত কুমিল্লা জেলার লাকসাম থানার মৃত মনোয়ার আলীর ছেলে। নগরীর খলিফা পট্টির নিঝুম আবাসিক এলাকার জসিম ম্যানসনে ভাড়া থাকেন তিনি।
গ্রেপ্তার লিয়াকতের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন এবং একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেরাগী পাহাড় এলাকায় গণপূর্তের একটি ভবনে সংস্কার কাজ চলছে।
“শুক্রবার বিকালে ওই ভবনে গিয়ে লিয়াকত ঠিকাদারের খোঁজ করে। ঠিকাদারকে না পেয়ে ভয় দেখিয়ে ও মারধর করে শ্রমিকদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও আটশ টাকা ছিনিয়ে নেয়।”
ওসি মহসিন বলেন, পরে টহল পুলিশের একটি দল চেরাগী পাহাড় এলাকায় লিয়াকতকে আটক করে।
“এসময় তার পকেট থেকে ছুরি ও ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।”
এ ঘটনায় কোতোয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। লিয়াকতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় আগের তিনটি এবং চকবাজার থানায় একটি মামলা আছে।
ওসি মহসিন বলেন, “বিভিন্ন রাজনৈতিক নেতার সাথে সখ্যতা আছে এমন কথা রটিয়ে সে চাঁদাবাজি করত।
“চেরাগী পাহাড়, কদম মোবারকসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করত লিয়াকতের দল। তার দলের অন্য সদস্যদেরও খোঁজা হচ্ছে।”
