২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের খোঁজে গিয়ে মিলল মোবাইল ফোন, টাকা

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে নগরীর একটি বাসা থেকে ৭৫টি মোবাইল ফোন ও পাঁচ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2018, 07:35 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

চট্টগ্রামের পাঁচলাইশ থানার চশমা হিলের গ্রিনভ্যালি আবাসিক এলাকার রেজুয়ান ম্যানসনে অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।

ভবনটির ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে মাদক বিক্রেতারা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল বুধবার রাতে সেখানে অভিযান চালায়।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুর ওয়ারিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযানে গিয়ে ওই ফ্ল্যাটে তালা লাগানো দেখে অন্য বাসিন্দাদের সহায়তায় তালা খুলে তল্লাশী চালানো হয়।

“বাসাটি শাবনুর নামের এক নারীর ভাড়া করা। তবে তাকে পাওা যায়নি।”

তিনি বলেন, বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬০টি অ্যান্ড্রয়েড ও ১৫টি সাধারণ মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়াও নগদ পাঁচ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য, বাসার মালিক শাবনুর নগর পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা নুরুল আলম লাদেনের মেয়ে। বছর খানেক আগে মারা যান লাদেন।

শাবনুরের এক ভাই নগরীর একটি ওয়ার্ডের যুবলীগের সভাপতি; অন্য ভাই ছিনতাই ও মাদক বিক্রির সাথে জড়িত।

পুলিশ কর্মকর্তা আব্দুর ওয়ারিশ বলেন, “আমরাও শুনেছি বাসাটি লাদেনের মেয়ের। আমরা খোঁজ-খবর নিচ্ছি। পাশাপাশি এত মোবাইল সেট ও টাকা কীভাবে এলো তাও খতিয়ে দেখা হচ্ছে।”