২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে দ্বৈত ভর্তিতে জরিমানা মওকুফের দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর প্রথম বর্ষে দ্বৈত ভর্তির ক্ষেত্রে জরিমানা মওকুফের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2018, 08:02 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

সোমাবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি বাতিল করে অন্য কলেজে ভর্তির অনুমতি দেওয়ার পরও কলেজগুলো তা যথাযথভাবে অনুসরণ না করায় জরিমানার সম্মুখীন হয় ২০১৬-১৭ সেশনের স্নাতক (পাস ও সম্মান) এবং স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

সমাবেশে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক ইসমাইল নূর বলেন, “নিয়ম অনুসারে নির্দিষ্ট ফি দিয়ে ভর্তি বাতিলের আবেদন করলেও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণে আজ আমাদের শিক্ষাজীবন হুমকির মুখে।

“জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি বাতিল না করে এখন জনপ্রতি ১০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করেছে। এটা সাধারণ পরিবারের সন্তানদের ওপর বোঝা চাপিয়ে দেওয়া।”

ইসমাইল নূর বলেন, জরিমানার নামে এই হয়রানি বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষা করতে হবে।

চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী অর্ণব দেবের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, ইসলামিয়া কলেজ, ওমরগণি এমইএস কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশ থেকে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।