২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদা না পেয়ে চট্টগ্রামে ঠিকাদারকে পিটিয়ে আহত

চট্টগ্রামে ‘চাঁদা না দেওয়ায়’ কালভার্ট নির্মাণের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের এক ঠিকাদারকে পিটিয়েছে একদল ‘সন্ত্রাসী’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2018, 09:08 PM

Updated : 19 Aug 2022, 02:04 PM

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুরে নগরীর ধনিয়ালা পাড়ায় এ ঘটনা ঘটে।

আহত ঠিকাদার মিল্টন বড়ুয়া এ ঘটনায় ডবলমুরিং থানায় মারধর ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেছেন। ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদের অনুসারী হিসেবে পরিচিত সালাউদ্দিনসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে সেখানে আসামি করা হয়েছে। 

ওসি সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে এলাকায় কালভার্ট নির্মাণ হচ্ছে তার কাছেই সালাউদ্দিনের বাড়ি। বেশ কিছুদিন ধরেই তিনি দশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন বলে অভিযোগ করেছেন ঠিকাদার।

বৃহস্পতিবার নির্মাণ কাজ চলার সময় সালাউদ্দিনের লোকজন সেখানে গিয়ে ঠিকাদারের লোকজনকে মারধর করে। তারপরও চাঁদা না পেয়ে সালাউদ্দিনের নেতৃত্বে পাঁচ-ছয়জন গিয়ে প্রকৌশলী মিল্টনকে পিটিয়ে আহত করে বলে স্থানীয়দের ভাষ্য।

ওসি জানান, আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তারে তারা ওই এলাকায় অভিযান চালাচ্ছেন।