চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজার সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকের এ ঘটনায় নিহত যুবকের নাম আবুল কাশেম (২৬)।
বাঁশখালী উপজেলার জলদি এলাকার আবদুর সবুরের ছেলে কাশেম নগরীর আরেফিন নগর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি মোটর ওয়ার্কশপে কাজ করতেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারী ও তিন পুরুষকে থানায় নিয়েছে পুলিশ।
বায়েজিদ বোস্তামি থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামি মাজারে আসেন এক যুবক ও তার প্রেমিকা। মাজার থেকে বের হওয়ার সময় কয়েকজন বখাটে তাদের কটূক্তি করে। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কাশেমকে টেলিফোন করে ডেকে আনে বখাটেরা।
ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ কর্মকর্তা আজাদ বলেন, “কাশেম আসার সময় হাতে একটি ছুরি নিয়ে এসেছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই নারীর সাথে থাকা যুবকটি কাশেমের কাছ থেকে ছুরিটি কেড়ে নেয়। তার ছুরিকাঘাতে আবুল কাশেম গুরুতর আহত হয়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়ার পথেই কাশেম মারা যান।
এ ঘটনার পর স্থানীয়রা ছুরিকাঘাতকারী যুবকের পকেট থেকে পড়ে যাওয়া মোবাইল ফোনটি ঘটনাস্থলে পায়। পরে তারা সেটি পুলিশকে দেয়।
ওসি বলেন, “মোবাইল ফোনের সূত্র ধরে ওই নারীকে আমরা খুঁজে পাই। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
“আবুল কাশেমের সঙ্গে থাকা তিনজন শুরুতে আমাদের মিথ্যা তথ্য দিয়েছিল। তারা বলেছিল, চটপটি খাওয়ার সময় হঠাৎ এক যুবক ছুরি নিয়ে দৌড়ে এসে কাশেমকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে। আসল তথ্য আমরা জানার পর তারা সত্যি ঘটনা স্বীকার করেছে।”
ছুরিকাঘাতকারী যুবককে গ্রেপ্তার করা হলে এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারব, বলেন তিনি।
