২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিভাসু উপাচার্যের বাসা ঘেরাওয়ে ছাত্রলীগ

উপাচার্যের বাধার কারণে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা যাচ্ছেনা, এমন অভিযোগ তুলে তার বাসভবন ঘেরাও করেছে সংগঠনটির কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 08:00 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

বৃহস্পতিবার দুপুরে নগরীর খুলশী এলাকায় অবস্থিত সিভাসু ক্যাম্পাসে উপাচার্য গৌতম বুদ্ধ দাশের বাসভবন ও কার্যালয়ে যায় ছাত্রলীগের কর্মীরা।

ছাত্রলীগ কর্মীদের অভিযোগ, উপাচার্যের কারণে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি আসছে না। অপরদিকে উপাচার্য বলছেন, কমিটি দেবে তাদের কেন্দ্রীয় কমিটি, তার কোনো ভূমিকা নেই।

সিভাসুর ছাত্রলীগকর্মী পায়েল দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য মহোদয়ের কারণে দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কমিটি হচ্ছে না। তিনি নানাভাবে বাধা দিচ্ছেন। সে কারণে আমরা উনার বাসভবন এবং পরে কার্যালয় ঘেরাও করি।

“পরে উপাচার্য স্যার ছাত্রলীগের কমিটি হলে তার কোনো সমস্যা নেই বলে আমাদের আশ্বস্ত করেন।”

এ প্রসঙ্গে উপাচার্য গৌতম বুদ্ধ দাশ বলেন, “আমি কমিটি আনতে না দেওয়ার কে? ছাত্রলীগের কমিটি করবে তাদের কেন্দ্রীয় কমিটি। এটা একান্তই তাদের সাংগঠনিক সিদ্ধান্ত। তারা কমিটি না দিলে আমার করার কি আছে?”