২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2018, 08:13 PM

Updated : 11 Oct 2022, 12:19 PM

বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীরা অংশ নেয়।

রোববার রাত সাড়ে ৮টায় নগরীর ষোলশহর রেল স্টেশনে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আকরাম বাপ্পী স্টেশনের দোকান মালিকদের মারধরের শিকার হয় বলে শিক্ষার্থীদের অভিযোগ।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা চট্টগ্রাম শহরে থাকেন, তারা নগরীর বটতলী ও ষোলশহর স্টেশন থেকে শাটল ট্রেনে করে নগরী থেকে ২২ কিলোমিটার দূরে ক্যাম্পাসে যাতায়াত করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, রোববার রাতে স্টেশনের ঝাল বিতান নামের একটি দোকানের মালিক মো. সুমন ও অন্য দোকানিরা খাবারের দাম নিয়ে ঝগড়ার জেরে বাপ্পীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে মারধর করে।

শুরুতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলেও পরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

মারধরের ঘটনায় বাপ্পীর বাবা সোমবার রাতে দোকান মালিক সুমনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন।

বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন থেকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানানো হয়।  

স্টেশনে শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়ানো, অবৈধ হকার উচ্ছেদ এবং আহত বাপ্পীর চিকিৎসার খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেওয়ার দাবি রয়েছে তাদের।

ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের ছাত্র আবদুল্লাহ আল মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাপ্পীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এর আগে গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় সাজ্জাদুল ইসলাম নামের এক শিক্ষার্থী স্থানীয়দের মারধরের শিকার হন।  

এরপর ৮ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় সাদাফ খান খবীর নামে আইন বিভাগের আরেক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়।