চট্টগ্রামে মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা
নিম্ন মানের মিষ্টান্ন দ্রব্য বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার এনায়েত বাজার বাটালি রোডে অবস্থিত এ দোকানকে জরিমানা করে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার ও বিশেষ ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন।
করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রয়েল বাংলা সুইটস হাউজে উৎপাদিত মিষ্টান্ন দ্রব্যে উৎপাদনের তারিখ ও পণ্যের মেয়াদের তারিখ ছিল না। একইসাথে বিক্রিত মিষ্টান্ন নিম্নমানের ছিল।
এ অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটির উৎপাদিত ২০ কেজির মতো রসমলাই ও দই নালায় পেলে ধ্বংস করে।
