২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ ৪ আসামি খালাস

ছয় বছর আগে চট্টগ্রামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় স্বামীসহ চার আসামির সবাই খালাস পেয়েছেন।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2018, 06:24 PM

Updated : 19 Aug 2022, 02:01 PM

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রোখসানা পারভীন মঙ্গলবার এ রায় দেন।

২০১২ সালের ৪ জানুয়ারি আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের শীলপাড়ায় সুপর্ণা শীল নামে ওই গৃহবধূর মৃত্যু হয়।

এ মামলার আসামি নিহতের স্বামী কৃষ্ণপদ শীল, দেবর পলাশ শীল, শাশুড়ি রেণুবালা শীল এবং ভাসুর সুনীল কান্তি শীলকে আদালত বেকসুর খালাস দিয়েছে।

তাদের মধ্যে কৃষ্ণপদ শীলকে রায়ের সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আর বাকিরা ছিলেন জামিনে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিন আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের চারজনকেই খালাসের আদেশ দিয়েছেন আদালত।”

সুপর্ণা শীলের মৃত্যুর পর তার মা রমা শীল বাদী হয়ে ২০১২ সালের ৬ জানুয়ারি এই হত্যা মামলা দায়ের করেন।

শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য গলা টিপে সুপর্ণাকে হত্যা করে এবং ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি লাশ দাহ করে বলে অভিযোগ করা হয় মামলার এজাহারে।

তদন্ত শেষে পুলিশ ২০১২ সালের ৩ ফেব্রুয়ারি অভিযোগপত্র দিলে ওই বছর ১৮ নভেম্বর আদালত চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

মামলা খারিজে আসামিপক্ষের আবেদন উচ্চ আদালতে খারিজ হওয়ায় পর ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামের আদালতে মামলাটির বিচার শুরু হয়।

এ মামলায় বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবিব আহসান রায়ের পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত বলেছেন, এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই এবং ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়নি।”

তিনি বলেন, “নিহতের লাশ তার পরিবারের স্বজনদের দেখতে দেওয়া হয়নি এবং সুপর্ণার পরিবারের সদস্যদের আটকে রেখে খালি স্ট্যাম্পে সাক্ষর নিয়ে লাশ তড়িঘড়ি দাফন করা হয়। তাই ময়নাতদন্ত করা সম্ভব হয়নি।”

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আইনজীবী জিয়া হাবিব আহসান।

তিনি বলেন, সুর্পণার মৃত্যুর কিছুদিন পরই তার দুবাই প্রবাসী বাবা গোপন শীল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এ মামলায় আসামিপক্ষের আইনজীবী টি আর খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষীরা মামলার অভিযোগ প্রমাণে কোনো তথ্য দিতে পারেননি। অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেই। সুপর্ণা শীল আগে থেকেই অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণেই তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।”