মুদ্রা আর ডাক টিকেটে ইতিহাসের বাঁক বদলের গল্প
অতীত ইতিহাসের বাঁক বদলের যে চিত্র লিপিবদ্ধ মুদ্রা ও ডাক টিকেটে, তা আকৃষ্ট করেছে বন্দর নগরীর বাসিন্দাদের।
বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শুরু হয়েছে মুদ্রা, ডাক টিকেট ও সৌখিন সামগ্রীর প্রদর্শনী। তিনদিনের এই প্রদর্শনীর আয়োজক চট্টগ্রাম কালেক্টর ক্লাব।
আর্ট গ্যালারিতে কাচের ডিসপ্লের ভেতর সাজিয়ে রাখা নানা আকারের বাহারি মুদ্রাগুলো যেন বলে চলছে পৃথিবীর ইতিহাসের নানা ঘটনাক্রম।
২০ তরুণের সংগ্রহ নিয়ে এই প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে বাংলার বিভিন্ন শাসকদের সময়ে প্রবর্তিত ধাতব মুদ্রা, বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংকের চালু করা কয়েন ও টাকা, যুদ্ধকালীন ডাক টিকেট, বিভিন্ন পদক, পুরোনো দলিল ও প্রাচীন অলংকার।
সুজয় সেন গুপ্ত বলেন, একটি সমাজের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির বদলের সহজপাঠ পাওয়া সম্ভব মুদ্রা থেকে।
প্রদর্শনীতে স্থান পাওয়া সম্রাট জাহাঙ্গীরের সময়ের রাশিচক্রের মুদ্রা, ক্ষুদ্রাকৃতির মুদ্রা- নিসার আর রৌপ্য মুদ্রা নজর কেড়েছে দর্শনার্থীদের।
মুঘল আমলের অনেকগুলো মুদ্রায় দেখা যায় কালেমা, ফারসি কবিতার পঙক্তি আর শাসকদের নাম খোদাই করা।সুলতানি আমলের মুদ্রায় এসেছে সংঘাত আর যুদ্ধ বিগ্রহের ছবি।
ষোড়শ শতাব্দিতে ব্যবসার স্বার্থে চট্টগ্রামে ব্যবসায়ীদের চালু করা রৌপ্য মুদ্রায় উৎকীর্ণ থাকত আরাকান, মোঘল ও শূরী শাসকদের নাম। এ মুদ্রাগুলোও দর্শকদের আকর্ষণের কেন্দ্রে ছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগ রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুদ্রা পর্যালোচনা করলে দেখা যাবে ইতিহাসের সব বাঁক বদলের সাক্ষর মুদ্রাতে থাকে।
“এই যে একেক শাসনামলের পরিবর্তনের সাথে মুদ্রার ভাষা, গঠন প্রকৃতি ও আকৃতির পরিবর্তন সেটা তখনকার সময়কেই নির্দেশ করে।”
আয়োজক সংগঠন চট্টগ্রাম কালেক্টর ক্লাবের সভাপতি প্রবাল দে বলেন, একেকটি মুদ্রা ইতিহাসের একেকটি স্মারক। ব্যাংক নোট সংস্কৃতির ধারক। ইতিহাসের সঠিক পাঠে মুদ্রা আর ডাক টিকেট অনন্য সহায়ক উপাদান।
শনিবার রাতে শেষ হয় এই প্রদর্শনী।
