২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ৮ সংগঠন

চট্টগ্রামে আটটি সাংস্কৃতিক সংগঠন একযোগে নানা আয়োজনে মে দিবস পালন করেছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 10:24 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

মঙ্গলবার বিকালে নগরীর ডিসি হিলে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করে।

সংগঠনগুলো হচ্ছে- উদীচী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, ওড়ীষী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, ফেইম, চট্টগ্রাম থিয়েটার, চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও সাংস্কৃতিক ইউনিয়ন।

আলোচনায় অংশ নেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রামের সভাপতি তপন দত্ত এবং প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান। 

উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি চন্দন দাশ, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহ সভাপতি সুনীল ধর, সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা ও সহ সাধারণ সম্পাদক জয় সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়কারী শরীফ চৌহান, আবৃত্তি সংগঠক পঞ্চানন চৌধুরী ও প্রণব চৌধুরীসহ অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে বোধন ‘তোমরাই মানুষ, তোমরাই দেবতা’ শীর্ষক গীতিআলেখ্য পরিবেশন করে। প্রমার শিল্পীরা বৃন্দ আবৃত্তিতে অংশ নেন। 

উদীচীর শিল্পীরা গীতিআলেখ্য ‘শোষিতের জয়’ পরিবেশন করেন। 

ওড়ীষী এন্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের শিল্পীরা নাচ এবং নাট্য সংগঠন ফেইম উৎপল দত্তের শ্রুতি নাটক পরিবেশন করে। 

সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশন করার মধ্য দিয়ে শেষ হয় মে দিবসের আয়োজন।