সেলুনকর্মী থেকে ছিনতাইয়ে; এরপর খুনে
চট্টগ্রামে ডিমের আড়তের ব্যবস্থাপককে খুনের ঘটনায় এক নারীসহ তিনজন গ্রেপ্তার হয়েছেন; তাদের একজন সেলুনকর্মী থেকে ছিনতাইয়ে জড়িত হওয়ার পর এখন হত্যাকাণ্ডের মতো অপরাধ ঘটিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
গত ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে রানা এন্টারপ্রাইজ নামে একটি ডিম আড়তে টাকা লুটের জন্য কয়েকজন ব্যক্তি হামলা করে। তখন আড়তের ব্যবস্থাপক মাসুদ রানাকে ছূরিকাঘাতে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের চাচাত ভাই সোহেল রানা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
ওই মামলার তদন্তে পাহাড়তলী, হালিশহর ও ডবলমুরিং এলাকায় সোমবার অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে দুটি বন্দুক, সাত রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মনসুর আহম্মেদ ওরফে মনসুর আলী (৩৮), বেলাল হোসেন (২৭) ও মনসুরের প্রথম স্ত্রী কোহিনুর বেগম (২৭)।
তাদের নিয়ে মঙ্গলবার ডবলমুরিং থানায় নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক সাংবাদিকদের সামনে এসে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মো. হেলাল নামে ৩৫ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয় প্রথমে। গত ২১ এপ্রিল আদালতে দেওয়া তার জবানবন্দিতে অন্য আসামিদের বিষয়ে তথ্য মেলে।
তার সূত্র ধরে সোমবার টানা অভিযান চালিয়ে পাহাড়তলী এলাকা থেকে মনসুরকে, হালিশহরের রূপসা বেকারি এলাকা থেকে তার স্ত্রী কোহিনুরকে এবং ডবলমুরিংয়ের মুনমুন কমিউনিটি সেন্টার গলি থেকে বেলালকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক।
তিনি বলেন, গ্রেপ্তার মনসুর, বেলাল ও কোহিনূরকে জিজ্ঞাসাবাদের ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রায় একযুগ ধরে ছিনতাই পেশায় জড়িত মনসুরের বিরুদ্ধে পুলিশের উপর হামলাসহ ১৫টি মামলা থাকলেও কখনও তাকে গ্রেপ্তার করা যায়নি।
মনসুর পুলিশকে জানিয়েছেন, সেলুনে কাজ করতেন তিনি, ২০০৭ সালের শেষের দিকে পাহাড়তলী এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে প্রথমে চুরি করেন, এরপর ছিনতাইয়ে যোগ দেন। তিনি যে দলে যুক্ত তার নেতা হচ্ছেন কাজল নামে একজন।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৩ সালের গ্রেপ্তার হয়ে কাজল চুরি, ছিনতাই ও অস্ত্র মামলায় সাজা ভোগ করে ২০১৬ সালে কারাগার থেকে ছাড়া পায়। বর্তমানে তিনিও মনসুরদের দলে কাজ করেন।
মনসুর বলেন, তারা দুই থেকে তিনজন মিলে পাহাড়তলী রেল গেইট এলাকায় ঘুরে বেড়ান। সুবিধামতো পথচারী পেলে টাকা-পয়সা ছিনিয়ে নেন। পাশাপাশি অটো কিংবা রিকশা যাত্রীদেরও ছিনতাই করেন।
গত ১১ মার্চ রাতে পাহাড়তলী রেল গেইট এলাকায় একটি অটোরিকশা ছিনতাইয়ের সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার স্বীকারোক্তিও দেন মনসুর।
মনসুর বলেন, আগে ছুরি দেখিয়ে ছিনতাই করলেও কিছু দিন আগে ১৫ ও ১৮ হাজার টাকায় আমবাগান এলাকার এক ব্যক্তির কাছ থেকে দুটি অস্ত্র কেনেন তিনি।
গত ৪ এপ্রিল রানা এন্টারপ্রাইজে টাকা লুট করতে গিয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে সে অস্ত্র উচিয়ে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে আসে।
পুলিশ কর্মকর্তা জহির বলেন, মনসুর ঘটনাস্থলে অস্ত্র নিয়ে উপস্থিত হয়েছিল। এসময় তারা ক্যাশে বসা মাসুদ রানার চোখে গুল নিক্ষেপ করেন। দোকান কর্মচারী রবিউলের মোবাইল সেট ছিনিয়ে নিয়ে টাকা নেওয়ার চেষ্টা করলে তিনি দোকান থেকে বের হয়ে ‘ডাকাত-ডাকাত’ বলে চিৎকার শুরু করেন।
“এসময় রানা একজন ছিনতাইকারীকে জাপটে ধরে ফেলে। লোকজন এগিয়ে এলে মনসুর অস্ত্র উঁচিয়ে ভয় দেখায় এবং রানাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
তিনি বলেন, মনসুরের অস্ত্রটি থাকে কোহিনুরের কাছে। কোথাও ছিনতাই করতে গেলে অস্ত্রটি ব্যবহার করে তা আবার কোহিনুরের কাছে জমা রাখত মনসুর।
গ্রেপ্তার মনসুর আলী, তার স্ত্রী কোহিনুর বেগম ও বেলাল হোসেন
মালামাল পৌঁছানোর আড়ালে তথ্য সংগ্রহ
মনসুর পুলিশকে জানান, বেলালকে তারা ‘বেদী’ (ছিনতাইয়ের তথ্যদাতা) হিসেবে ব্যবহার করেন। ডিম আড়তের পিককাপ চালক হওয়ায় তার কাছে বিভিন্ন দোকানের তথ্য থাকে। বেলালের দেওয়া তথ্য অনুযায়ী তারা ছিনতাই করেন।
তিনির বলেন, গত ২ ফেব্রুয়ারি রানা এন্টারপ্রাইজের মালিককের চোখে বালি ছিটিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায়ও বেলাল ছিলেন তথ্যদাতা।
এজন্য মনসুরের কাছ থেকে ১৫ হাজার টাকা পেয়েছে বলেও পুলিশের কাছে স্বীকার করেন বেলাল।
পুলিশ কর্মকর্তা জহির বলেন, “সার্বক্ষণিক বাজারে অবস্থান করায় কোন দোকান মালিকের কাছে কত টাকা আছে এবং কোথায় টাকা আছে, সেসব তথ্যগুলো বেলাল ছিনতাইকারীদের সরবরাহ করত।”
পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি পাহাড়তলী রেল ক্রসিং এলাকায় ছিনতাইয়ের শিকার হন রানা এন্টারপ্রাইজের মালিক আহমেদ উল্লাহ রানা। মনসুরের নেতৃত্বে ছিনতাইকারীরা রানাকে বহনকারী পিকআপ আটকে এক লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ডবলমুরিং থানার এসআই নূর ইসলাম জানান, বেলালের সঙ্গে সাদ্দাম নামে অপর একজন পিকআপ চালকও তথ্যদাতার কাজ করে থাকে। গ্রেপ্তার হওয়াদের দাবি ২ ফেব্রুয়ারি সাদ্দামের তথ্যে তারা ছিনতাইয়ের ঘটনা ঘটায়।
তিনি বলেন, এছাড়াও ১৮ ফেব্রুয়ারি পাহাড়তলী এলাকায় দ্বিতীয় দফায় রানা এন্টারপ্রাইজের মালিককের চোখে বালু ছুড়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টায়ও ছিলেন মনসুর, তবে তিনি পালিয়ে যান।
