২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ এখন দুর্নীতির মহাসড়কে: এরশাদ

দেশ এখন ‘দুর্নীতির মহাসড়কে’ চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 08:35 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

শনিবার বিকালে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্ট নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এরশাদ বলেন, “দেশ নাকি উন্নয়নের মহাসড়কে চলছে। উন্নয়নের মহাসড়কে এত খানাখন্দ কেন? খাল-বিল কেন?  টাকাগুলো গেল কোথায়? আগে ঢাকা থেকে চট্টগ্রামে আসতে লাগত পাঁচ ঘণ্টা এখন লাগে ১৫ ঘণ্টা। সবখানেই লুটপাট।

“এখন আমরা দুর্নীতির মহাসড়কে চলছি। এ থেকে দেশকে উদ্ধার করতে হবে।”

এরশাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বলেন, “বর্তমানে দেশের অবস্থা ভাল নয়। উনি কথা দিয়েছিলেন ১০ টাকা কেজিতে চাল খাওয়াবেন, সকলকে চাকরি দেবেন। আর এখন চালের কেজি ৬০ টাকা। একজন রিকশাওয়ালা, একজন কৃষক, একজন শ্রমিক- ৬০ টাকা কেজি চাল কিনে তাদের পরিবার চালানো সম্ভব নয়। এভাবে মানুষ বাঁচতে পারে না।

“তারা সুখে আছেন যারা ঢাকায় থাকেন, তারা সারা দেশের মানুষের কথা ভাবেন না, গরীব মানুষের কথা ভাবেন না। দেশে চার কোটি ৮৬ লাখ যুবক বেকার। তাদের কাজ নাই। তারা সংসারের বোঝা, দেশের বোঝা। তারা মাদকের আশ্রয় নিচ্ছে। কেন এ অবস্থা হল?”

এখন মাদক-ইয়াবা চায়ের দোকান-বিড়ির দোকানে পাওয়া যায় উল্লেখ করে এরশাদ বলেন, “আমাদের সময় এসব ছিল না। আমরা সুশাসন প্রতিষ্ঠা করেছিলাম। মানুষ পরিবর্তন চায়।”

দেশের অর্থনীতির সমালোচনা করে সাবেক স্বৈরশাসক এরশাদ বলেন, “আগে শুনতাম ব্যাংকে এত টাকা, দেওয়ার লোক নাই। আর এখন শুনছি ব্যাংকে টাকা নাই। এত টাকা গেল কোথায়। টাকা পাচার করেছে। পানামা পেপার, প্যারাডাইস পেপারে যাদের নাম আছে তাদের কেউ ধরে না। দেশে কৃষকের ঋণ নাই। যারা কোটি টাকা লুট করেছে তাদের কি হবে, তাদের বিচার কে করবে।

“তারা শেয়ার বাজার ধ্বংস করেছে, কে করেছে তা জেনেও আমরা জানি না। বাংলাদেশ ব্যাংক লুট করেছে। পৃথিবীর আর কোনো দেশে এমন ঘটনা ঘটেনি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আজ পর্যন্ত জানতে পারলাম না। তারা (সরকার) বলে না, প্রকাশ করে না।’’

এরশাদ আক্ষেপ করে বলেন, “তারা আমাকে বলেছে স্বৈরাচার। একটা মানুষ মারিনি, হাতে রক্তের দাগ নেই। আর এখন বাংলাদেশকে আন্তর্জাতিক স্বৈরাচার রাষ্ট্র বলছে। এখনকার সরকার স্বৈরাচার। দুই সরকারের (আওয়ামী  লীগ-বিএনপি) আমলে দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

“এখন কি বলবেন? আমরা কি বাংলাদেশের টাকা লুটপাট করেছিলাম। গত ২৭ বছরে তারা কিছুই করে নাই। দেশকে এ থেকে বাঁচাতে হবে।”

দেশের চলমান নির্বাচন পদ্ধতির সংস্কার চান উল্লেখ করে তিনি বলেন, “এখন তো নির্বাচন হয়-ই না। এখন হয় সিল মারার নির্বাচন।”

দেশে শিক্ষা বলতে কিছুই নাই মন্তব্য করে এরশাদ বলেন, “আগে পাশ করা কঠিন ছিল, এখন ফেল করাই কঠিন হয়ে গেছে। যে শিক্ষামন্ত্রী ঘুষ সহনীয় পর্যায়ে খেতে বলেন তাতেই বোঝা যায় শিক্ষা ব্যবস্থা কোন রসাতলে গেছে।”

আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে দেশে প্রাদেশিক শাসন ব্যবস্থা কায়েম করা হবে বলে জানান এরশাদ।

চট্টগ্রামের শাসন ব্যবস্থা চট্টগ্রাম থেকেই হবে উল্লেখ করে তিনি বলেন, “চট্টগ্রাম প্রদেশ হবে, আর এ প্রদেশের নাম চট্টলা হতে পারে।”

সাবেক রাষ্ট্রপতি এরশাদ সুশাসন প্রতিষ্ঠার আশার কথা শুনিয়ে বলেন, “বেশিদিন জীবন নাই। মরার আগে নির্বাচনের মাধ্যমে এ দুঃশাসনের অবসান ঘটুক এটাই প্রত্যাশা করি। কথা দিলাম সুশাসন প্রতিষ্ঠা করব।”

আগামী নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে (কোতয়ালী) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জয়ী করে আনার আহ্বান জানান এরশাদ।

বর্তমান মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির নেতা বাবলু বর্তমানে এ আসনের সংসদ সদস্য।

ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু, চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন প্রমুখ।