নিরাপদ মহাসড়কের দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন
নিরাপদ মহাসড়কের দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের সিটি গেইট থেকে বারৈয়াঢালা পর্যন্ত এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
নিরাপদ মহাসড়ক, জীবনের নিরাপত্তাসহ বিভিন্ন দাবিতে হওয়া এ কর্মসূচিতে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের স্কুল-কলেজ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়।
কর্মসূচি থেকে আয়োজকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে দুর্ঘটনা বন্ধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনের হলেও পর্যাপ্ত তদারকি না থাকায় এবং অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
মানববন্ধনের মধ্যে ছোট কুমিরা এলাকায় সমাবেশ থেকে আয়োজক কমিটির আহ্বায়ক মোরশেদ হোসেন চৌধুরী বলেন, গত তিন মাসে এ মহাসড়কে ৩৩ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় একবছরে মারা গেছে ১৪২ জন, পঙ্গু হয়েছে কয়েক হাজার মানুষ।
“আমরা সীতাকুণ্ডবাসী নিরাপদ মহাসড়কের জন্য এ কর্মসূচি পালন করেছি। আমরা জীবনের নিরাপত্তা চাই, যানবাহনের বেপরোয়া চলাচলে নিয়ন্ত্রণ চাই, অদক্ষ চালকের হাতে বেঘোরে প্রাণ দিতে চাই না।”
কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তফাজ্জল হক, ফসিউল আলম, সীতাকুণ্ড সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ব্যবসায়ী নেতা বেলায়েত হোসেন, নারীনেত্রী সুরাইয়া বাকের, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল চৌধুরী উপস্থিত ছিলেন।
