চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানজটে ভোগান্তি
ইটভাটার জন্য ট্রাকে করে মাটি পরিবহনের সময় বৃষ্টিতে ভিজে সড়কে পড়ায় কর্দমাক্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে মানুষ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত মহাসড়কের কেরানীহাট থেকে মৌলভির দোকান পর্যন্ত অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইটভাটার মাটি নেওয়ার সময় পড়ে গেলে বৃষ্টিতে রাস্তায় কাদা হয়ে যায়। একারণে যানজট হয়েছে।
কাদা মাটিতে আটকে সড়কের পাশে কাত হয়ে যায় কয়েকটি যানবহান; কাদার কারণে হেঁটে পারাপারের চেষ্টা করেও ভোগান্তিতে পড়েন পথচারীরা।
সাতকানিয়া কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢেমশা এলাকা থেকে বিলের মাটি কেটে ট্রাকে করে ইটভাটায় নেওয়া হচ্ছিল।
“সকালে বৃষ্টি হওয়ায় ওই সব ট্রাক থেকে মাটি গড়িয়ে সড়কের ওপর পড়ে। কাদা আর বৃষ্টির পানিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। মহাসড়ক ধরে যানবাহন চলাচল বাড়তে শুরু করলে যানজট শুরু হয়।”
চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কের এই অংশ পেরিয়ে সাতকানিয়া, কক্সবাজার ও বান্দরবান এ যাতায়াত করতে হয়।
এই মহাসড়কের দুই পাশে সাতকানিয়া অংশের বিস্তৃত এলাকা জুড়ে বেশ কিছু ইটভাটা রয়েছে।
